ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বাকিতে চা দেওয়া নিয়ে তুচ্ছ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পৌর এলাকার খালধারপাড়া গ্রামে এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০টার দিকে খালধারপাড়া এলাকার শাহজাহানের চায়ের দোকানে চা পান করতে যান একই গ্রামের রিপন হোসেন। এ সময় দোকানি শাহজাহান তার কাছে পূর্বের বকেয়া টাকা পরিশোধের দাবি জানান এবং নতুন করে বাকিতে চা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
পরে এ ঘটনার জেরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহবুব আলম পারভেজ জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, বাকিতে চা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। পুনরায় সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

