চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটিতে দ্রুতগামী ভুট্টা বোঝাই একটি আলমসাধুর ধাক্কায় দুই শিশু গুরুতর আহত হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার হাসানহাটি গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলো—হাসানহাটি গ্রামের একরামুলের মেয়ে খাদিজা খাতুন (১১) এবং একই গ্রামের জসীম উদ্দিনের ছেলে মোহাম্মদ আনাস (৬)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে খাদিজা ও আনাস বাড়ির পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির ভুট্টা বোঝাই একটি আলমসাধু তাদের ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আলমসাধুটির ব্রেক ফেল হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুই শিশুকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আফরিনা তাদের প্রাথমিক চিকিৎসা দেন।
চিকিৎসক জানান, খাদিজা খাতুনের বাম হাতের কব্জির ওপর গুরুতর আঘাত লেগেছে এবং হাড় ভেঙে প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদিকে, আহত মোহাম্মদ আনাসকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
এদিকে, ভিকটিমদের স্বজনরা জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত ভুট্টা বোঝাই আলমসাধুটি সিন্দুরিয়া ক্যাম্প পুলিশের হেফাজতে রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

