চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি কোল্ড স্টোরেজের ছাদ থেকে পড়ে তুষার (২৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে কোনো এক সময়ে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কস্থ ‘জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজে’ এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুষার মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবন মণ্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ১৬ এপ্রিল রাত ৮টা থেকে ১৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত তুষার ও মো. মফিজুল হক (৪২) একসঙ্গে ডিউটিতে ছিলেন। ডিউটির সময় মফিজুলের চোখে গ্যাস লেগে অসুস্থতা অনুভব করলে তুষার তাকে বিশ্রাম নিতে বলেন। তিনি নিজেই রাত ২টা পর্যন্ত দায়িত্ব পালন করবেন বলে জানান এবং পরে মফিজুলকে ডেকে দেওয়ার কথা বলেন।
সহকর্মী মফিজুল হক জানান, ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে ঘুম থেকে উঠে তিনি তুষারকে কোল্ড স্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি করেন। কোথাও তাকে না পেয়ে তিনি মেশিনের কার্যক্রম বন্ধ করেন। পরে সকাল ৭টার দিকে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষারকে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ ও জীবননগর থানা পুলিশকে জানানো হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

