মেহেরপুর সরকারি মহিলা কলেজের উদ্যোগে কলেজের বার্ষিকী *‘প্রবর্তনা’*র মোড়ক উন্মোচন, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার দুপুরে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা ঘটে। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক রফিকুর রশিদ, কবি ও গবেষক ড. গাজী রহমান এবং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মুগাঃ আব্দুল্লাহ আল আমিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের সহযোগী অধ্যাপক ও *‘প্রবর্তনা’*র আহ্বায়ক কাজী আশরাফুল হক। এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক একরামুল হাসান লোটাস এবং *‘প্রবর্তনা’*র সম্পাদক সহকারী অধ্যাপক রূপালী বিশ্বাস।
পরবর্তী পর্বে রূপালী বিশ্বাসের সম্পাদনায় প্রকাশিত বার্ষিকী *‘প্রবর্তনা’*র মোড়ক উন্মোচন করা হয়। সঙ্গে সঙ্গে উদ্বোধন করা হয় পিঠা উৎসব। অনুষ্ঠানে অতিথিরা পিঠা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পিঠা উৎসবে ১০টি স্টলে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শিত হয়, যা ছাত্রী ও শিক্ষক উভয়ের সৃজনশীলতা তুলে ধরে।
শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত দর্শক ও অতিথিদের মন কেড়ে নেয়। উল্লেখ্য, *‘প্রবর্তনা’*তে সরকারি মহিলা কলেজের ছাত্রী ও শিক্ষকদের লেখা, কবিতা ও অন্যান্য সৃজনশীল কণ্ঠ স্থান পেয়েছে।
এ অনুষ্ঠানের মাধ্যমে কলেজে সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চা এগিয়ে নেওয়ার পাশাপাশি ঐতিহ্যবাহী পিঠা সংরক্ষণে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

