মেহেরপুর পৌর ছাত্রদলের উদ্যোগে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ অরুনের পক্ষে গণসংযোগ ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেল দিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ থেকে পৌর ছাত্রদলের আহ্বায়ক তৌফিক এলাহির নেতৃত্বে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ চালায়। এ সময় নেতাকর্মীরা বিএনপি প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং নির্বাচনি প্রচারণামূলক লিফলেট বিতরণ করেন। পরে মিছিলটি পুনরায় কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এসে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত নেতারা বলেন, গণমানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে বিএনপি প্রার্থী মাসুদ অরুনকে বিজয়ী করার বিকল্প নেই। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মিছিলে আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত আফরোজ, ছাত্রনেতা সাইদ রফিক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজন, দপ্তর সম্পাদক লিজন আলী, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ রাব্বি সহ পৌর ও জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শান্তিপূর্ণ এ গণসংযোগ ও মিছিল শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করে এবং আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করে।

