ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের মাধ্যমে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ অরুণকে বিজয়ী করার লক্ষ্যে নারীদের মধ্যে নির্বাচনী প্রচারণা ও সচেতনতা বৃদ্ধি করা হয়।
সোমবার দুপুরে মহাজনপুর বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোলার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম।
সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মারুফ আহমেদ বিজন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দলীয় প্রার্থীকে বিজয়ী করতে নারী সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা নারী ভোটারদের নির্বাচনী সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং বলেন, জনগণই দেশের ভবিষ্যৎ ঠিক করবে। সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা স্লোগান ও র্যালির মাধ্যমে সমাবেশের সমাপনী ঘোষণা করেন।

