ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মেহেরপুরের গাংনী উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে গাংনী উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে গাংনী উপজেলা প্রশাসন।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবির।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামিনুর রহমান, গাংনী থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাচন অফিসার নুরুল্লাহসহ বিভিন্ন ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সম্পন্ন করাই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে প্রিজাইডিং অফিসারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম, প্রভাব বিস্তার কিংবা বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। সকল প্রিজাইডিং অফিসারকে আইন ও বিধি অনুসরণ করে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
ড. সৈয়দ এনামুল কবির আরও বলেন, নির্বাচনী দায়িত্ব একটি পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করতে হবে। কোনো সমস্যার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেন তিনি।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা, ব্যালট ও ভোটগ্রহণ সামগ্রী ব্যবস্থাপনা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভা শেষে প্রিজাইডিং অফিসারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিবৃন্দ।

