Home » জীবননগরে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

জীবননগরে ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 38 ভিউ
Print Friendly, PDF & Email

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করার সময় দুই ভুয়া সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সীমান্ত ইউনিয়নের পীচমোড় সংলগ্ন চিংড়িখালী সেতু এলাকায় এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন রিজভী সালমান রহমান ও আহাদ আলী। তারা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশের পোশাক পরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় লোকজন বিষয়টি লক্ষ্য করেন। এ সময় তারা এক নারীর কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি বুঝতে পেরে স্থানীয়রা দ্রুত তাদের ধাওয়া করেন। ধাওয়ার মুখে দলের আরও কয়েকজন সদস্য পালিয়ে যেতে সক্ষম হলেও দুইজনকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান সেখ জানান, ঘটনার সময় তিনি চুয়াডাঙ্গায় একটি সভায় ছিলেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠান। আটক দুই ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদের থানায় নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পলাতক অন্যান্য সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, অপরাধীরা আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে প্রতারণার চেষ্টা করছিল। পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধ রোধে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.