Home » চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের পতাকা উত্তোলন ও কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণায় জেলাজুড়ে তোলপাড়

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগের পতাকা উত্তোলন ও কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণায় জেলাজুড়ে তোলপাড়

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 54 ভিউ
Print Friendly, PDF & Email

চুয়াডাঙ্গায় প্রশাসনের নজর এড়িয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিক তৎপরতা দেখিয়েছে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন এবং জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় ‘অবমুক্ত’ করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক সমালোচনা ও আলোচনা সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পাঁচ নেতাকর্মী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে জড়ো হয়ে পতাকা উত্তোলন করছেন। তাদের হাতে একটি ব্যানার দেখা যায়, যেখানে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’। তারা বিভিন্ন স্লোগানও দিচ্ছিলেন।

ভিডিওতে দেখা যায়, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক স্বজল এই কর্মসূচির নেতৃত্ব দিচ্ছেন। উপস্থিত পাঁচজনের মধ্যে তিনজনের মাথায় হেলমেট ছিল। ইমদাদুল হক স্বজলকে জেলা আওয়ামী লীগের কার্যালয় ‘অবমুক্ত’ ঘোষণা করতে শোনা যায়।

স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা ওই কার্যালয় ঘিরে নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ড জনমনে উদ্বেগ তৈরি করেছে। প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান আমাদের সূর্যোদয়কে বলেন, “বিষয়টি পুলিশের নজরে এসেছে। যেহেতু এতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্পৃক্ততা রয়েছে, তাই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।” তিনি আরও জানান, ভিডিও যাচাই-বাছাই করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার পর প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সচেতন মহল মনে করছে, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে আরও কার্যকর নজরদারি ও আইনানুগ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

জেলার মানুষ এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এবং আইনশৃঙ্খলা পুনরায় স্বাভাবিক করবে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.