মেহেরপুরের গাংনীতে নেতাকর্মীদের প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। শনিবার দুপুরে মেহেরপুর-2 (গাংনী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমজাদ হোসেনের নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রার্থী আমজাদ হোসেনের চিফ এজেন্ট ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। তিনি অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীর সমর্থকরা পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রশাসনের কাছে মিথ্যা অভিযোগ দিচ্ছে। এসব অভিযোগের ভিত্তিতে প্রশাসন অযথা বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং সবসময় জনগণের সমর্থন নিয়েই রাজনীতি করে। মিথ্যা অভিযোগ ও প্রশাসনিক চাপ সত্ত্বেও দলের নেতাকর্মীরা নির্বাচনি মাঠে সক্রিয় রয়েছে এবং জনগণের ভোটেই বিজয় অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাবেক সভাপতি রেজাউল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা অবিলম্বে নেতাকর্মীদের হয়রানি বন্ধ এবং সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

