মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মেহেরপুর জেলার গাংনীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
এনসিপি মেহেরপুর জেলা কমিটির সদস্য মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য নাজমুল হুদা। তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনা। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, গাংনী পৌর জামায়াতের আমীর আহসানুল হক এবং কাজিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মু. আলম হুসাইন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মেহেরপুর জেলা কমিটির সদস্য আমির হামজা, শামীম আহমেদ আজম, গাংনী উপজেলা কমিটির সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারী সবুজ রানাসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে দেশের গণমানুষের অধিকার রক্ষায় দলীয় কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

