মেহেরপুরের গাংনীতে কৃত্রিম সার সংকট তৈরি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে উপজেলার ধানখোলা ও বাওট বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাবিদ হোসেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গাংনীতে কৃত্তিম সার সংকট তৈরি করার অপরাধে ধানখোলা বাজারে মেসার্স কাদের স্টোরের মালিক সার ডিলার মো: হারুন -অর-রশিদ ও বাওট বাজারের সার ডিলার আবু আউব আনছারিকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯/১(ঠ) ধারায় দুইজনকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এ ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাবিদ হোসেন বলেন, কৃত্রিম সারসংকট তৈরি করার অপরাধে দুজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আইন ভঙ্গ করলে অপরাধী যেই হোক তাকে কোন ছাড় দেওয়া হবে না।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।আর এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
এসময় গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মতিয়র রহমান সহ গাংনী থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

