আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা অঞ্চলের উপ-মহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী। তিনি নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভোটগ্রহণ কেন্দ্র ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের সজাগ থাকার নির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক নাজমুল হোসাইন এবং মেহেরপুর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান। তারা নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় প্রস্তুতি, আচরণবিধি মেনে চলা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সমাবেশে মেহেরপুর জেলার তিনটি উপজেলার মোট ২ হাজার ৭৭৯ জন আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। এ সময় সদস্যদের নির্বাচনী দায়িত্ব, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, আনসার ও ভিডিপি সদস্যদের আন্তরিকতা ও পেশাদার দায়িত্ব পালনের মাধ্যমে মেহেরপুরে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন হবে।

