বাংলাদেশ- ভারত সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে ভারতকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগুনওয়াজের (পিএমএল-এন) এক নেতা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় পিএমএল-এনের যুব নেতা কামরান সাঈদ উসমানি বলেন, “ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে বা বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মনে রাখতে হবে—পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়।” তিনি আরও দাবি করেন, বাংলাদেশে ‘অখণ্ড ভারত’ চিন্তাধারা চাপিয়ে দেওয়ার চেষ্টা পাকিস্তান মেনে নেবে না। সীমান্তে বিএসএফ বাংলাদেশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় উসমানি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশে পাকিস্তানের এবং পাকিস্তানে বাংলাদেশের সামরিক ঘাঁটি স্থাপন করা উচিত।” তবে উসমানির এসব মন্তব্য ব্যক্তিগত ও দলীয় পর্যায়ের বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ বা ভারতের পক্ষ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে এবং কূটনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

