Home » মেহেরপুরে স্বাস্থ্য বিভাগের অভিযান: নাম–ঠিকানাবিহীন ও পচা দই জব্দ

মেহেরপুরে স্বাস্থ্য বিভাগের অভিযান: নাম–ঠিকানাবিহীন ও পচা দই জব্দ

কর্তৃক Mahabobul Haque Polen
নিজস্ব প্রতিবেদক 43 ভিউ
Print Friendly, PDF & Email

মেহেরপুর সদর উপজেলায় জনস্বাস্থ্য সুরক্ষায় অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ অভিযানে নাম–ঠিকানা, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখবিহীন পচা দই উদ্ধার করে তা জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আমঝুপি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এবং স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে বাজারের বিভিন্ন খাদ্যপণ্যের দোকান তদারকি করা হয়।

অভিযানকালে আমঝুপি বাজারের একটি মিষ্টির দোকান থেকে ছত্রাকযুক্ত ও পচা দই উদ্ধার করা হয়। দইগুলোর পাত্রে কোনো ধরনের বাধ্যতামূলক তথ্য—যেমন মালিকের নাম–ঠিকানা, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ, মূল্য কিংবা ওজন—উল্লেখ ছিল না। এসব দই মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে জব্দ করে জনসম্মুখে ফেলে দিয়ে বিনষ্ট করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট দোকান মালিককে সতর্ক করে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়। তাকে জানানো হয়, ভবিষ্যতে দইসহ সব খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে পাত্রে অবশ্যই মালিকের নাম–ঠিকানা, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণ তারিখ, মূল্য ও ওজন স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এসব নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্যের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনস্বাস্থ্য রক্ষায় ব্যবসায়ীদের সচেতন হওয়ার পাশাপাশি ভোক্তাদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।



রিলেটেড পোস্ট

মতামত দিন


The reCAPTCHA verification period has expired. Please reload the page.