“ইশারা ভাষার ব্যবহার, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রতিবন্ধী সেবা সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিসহ বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নেন।
র্যালি শেষে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিকুল ইসলাম। তিনি ইশারা ভাষাকে আরও বিস্তৃতভাবে ব্যবহারের মাধ্যমে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আতিকুল হক, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ.জে.এম. সিরাজুম মনির, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কনসালটেন্ট ডা. মো. আব্দুল হাই প্রমুখ।
বক্তারা ইশারা ভাষার ব্যবহার বৃদ্ধি, শিক্ষা ও কর্মক্ষেত্রে এর প্রয়োগ এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

